আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বিশিষ্ট মার্কিন চিন্তাবিদ ও বিশ্লেষক নোয়াম চমস্কি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন- এ দু’জনকেই ‘সুযোগ-সন্ধানী’ হিসেবে অভিহিত করে বলেছেন, তবে হিংস্রতা বা বলদর্পিতার দিক থেকে হিলারি কিছুটা এগিয়ে আছেন।
ক্যামব্রিজের এমআইটি-তে ‘ওয়ার্ল্ড-নেট ডেইলি’-কে দেয়া এক সাক্ষাৎকারে চমস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের তৎপরতায় তিনি অসন্তুষ্ট বা হতাশ নন; কারণ, ওবামার কাছ থেকে তিনি কিছুই প্রত্যাশা করেন না।
চমস্কি বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনের প্রাথমিক পর্বের আগেই আমি ওবামা সম্পর্কে লিখেছিলাম। ওবামার ওয়েব পেইজ ব্যবহার করেই আমি তার সম্পর্কে লিখেছিলাম- তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করছেন- তাতে আমার কাছে তখনই মনে হয়েছিল যে তিনি একজন সুযোগ-সন্ধানী।'
মধ্যপ্রাচ্যে কথিত সন্ত্রাসী টার্গেটগুলোতে মার্কিন ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ওবামা এর মাধ্যমে ৮০০ বছর আগের ‘ম্যাগনা কার্টা’ (মুক্তির ইশতিহার) নীতিকে কার্যত নির্মূল করলেন।
এর আগে গত মার্চ মাসে ব্রাজিলের এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে চমস্কি বলেছিলেন, মার্কিন ড্রোন হামলা হচ্ছে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিস্তৃত বৈশ্বিক সন্ত্রাসবাদ।
নতুন মার্কিন প্রেসিডেন্ট হতে ইচ্ছুক হিলারি ক্লিনটন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চমস্কি বলেছেন, তিনিও ওবামার মতই, তবে ওবামার চেয়ে বেশি বলদর্পী।
আল-কায়দার সাবেক প্রধান বিন লাদেন নিহত হওয়ার প্রাক্কালে চমস্কির দু’টি বই পড়ছিলেন এমন খবর সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তার কোনো আগ্রহ নেই।
আধুনিক ভাষাতত্ত্বের জনক হিসেবে খ্যাত চমস্কি বলেন, ওসামা কোন্ কোন্ বই পড়ছিলেন সে বিষয়ে আমার মাথা ঘামানোর কি দরকার থাকতে পারে?
তিনি বলেন, ওসামার কাছে সিআইএ’র নানা প্রকাশনাসহ বিচিত্রময় বহু কিছু ছিল। #